নব বর্ষে অভিনব কবিতা ©
যায় দিন সুখে যায়, কিছু দিলে দুঃখী যায় হেসে,
বছর যায় বছর আসে, দিন যায় রাত ফুরায়।
গত বছর ধারকর্জ করেছিলাম
এখন টানাটানি করে কেঁথা ছিঁড়ি,
তালায় পান্তা লয়ে নোনের জন্য হাটে দৌড়ি।
পাতিলে এখন আর দই থাকেনা,
হাড়িতে ভাত নেই,
লুঙ্গিতে অনেক তালি দেওয়া হয়েছে,
গেঞ্জি একটা গায়ে আছে, তবে পশম নেই।
আজ আর বউ বাচ্ছার কথা বলবনা,
ওরা এখন আর লোক সামনে যায়না,
আমারই লজ্জা লাগে,
তাই ওরা আড়ালে থেকে আকাশে তাকায়।
সূর্য উঠেছে পূব আকাশে,
আজ নাকি নওরোজ, সবাই বলছে শুভ নব বর্ষ।
আকাশে মেঘ হয়তো জমবে,
তবে বৃষ্টি হবে কিনা আমি জানিনা।
লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে ক্ষেতে যেতে হবে,
গাই দামড়া দুইটাই গত বছরের আগের বছর মরেছে।
আমার সিন্ধুক নেই, বাঁশের খুঁটিতে টাকা রাখতাম,
আজ আর ঘর বাড়ি নেই,
ঋণ পরিশোধ করা হয়নি, তাই বাউন্ডুলে হয়েছি,
তবুও ভোরে বউ হেসে বলল, হ্যাঁগো দোয়া কর,
এই বছরটা যেন শুভ হয়।
